আলোর নব্বই শতাংশ গতিতে ছুটে আসা বেসবলকে ব্যাট দিয়ে মারতে গেলে কী ঘটবে? পৃথিবীর প্রতিটা মানুষ একই সময়ে যদি চাঁদের দিকে লেসার পয়েন্টার তাক করে, তা হলে কি চাঁদের রং বদলে যাবে? পৃথিবীর সবাই যদি যতটা সম্ভব একে ওপরের কাছাকাছি ঘেঁষে দাঁড়িয়ে একসঙ্গে লাফ দেয়, তবে কী ঘটবে? এক জায়গায় এক মোল( 6.023*10^23) পরিমাণ মোল( ছুঁচো) জোগাড় করা গেলে কেমন হবে? নিচের দিকে গুলি ছুঁড়তে থাকা মেশিনগান দিয়ে কি জেটপ্যাক বানানো সম্ভব? আপনি যদি প্রতি সেকেন্ডে 1 ফুট করে উপরে উঠতে থাকেন, তবে ঠিক কেমন ভাবে আপনি মারা যাবেন, ঠান্ডায় জমে নাকি শ্বাসকষ্টে, নাকি অন্য কিছু? একটা খুব ছোট গ্রহাণু, কিন্তু আয়তন অনুযায়ী তার ভর অনেক বেশি, আপনি কি তাতে লিটল প্রিন্সের মতো বসবাস করতে পারবেন? কত জোরে শট মারলে গোলকিপার সমেত ফুটবল গোলে ঢুকে যাবে? কারও DNA আচমকা ভ্যানিশ হয়ে গেল, সে কতক্ষণ বেঁচে থাকবে? সূর্য আচমকা নিভে গিলে পৃথিবীর কী হবে? নিউট্রন স্টারের ঘনত্ব-ওয়ালা একটা বুলেট পৃথিবীপৃষ্ঠে ছুঁড়লে, পৃথিবী কি ধংস হয়ে যাবে?
এরকমই আরও উদ্ভট-উদ্ভট প্রশ্নের সম্পূর্ন বিজ্ঞানসম্মত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া এই বইতে। সঙ্গে অনুপান হিসেবে রয়েছে মজাদার সব আঁকিবুকি ও কার্টুন।
উদাহরণ হিসেবে DNA ভ্যানিশ হওয়ার প্রশ্নের উত্তরের প্রাথমিক অংশটুকু দেখা যাক।
।
সমস্ত DNA উধাও হয়ে গেলে তৎক্ষনাৎ আপনার ওজন এক পাউন্ডের তিনভাগের এক ভাগ হ্রাস পাবে। তার মানে ঠিক কেমন? নিম্নস্থ কাজগুলোই যেকোনও একটা করলে এক পাউন্ডের এক-তৃতীয়াংশ ওজন কমবে।
জামা খুলে ফেলা।
মূত্র বিসর্জন করা।
চুল কাটা( যদি খুব লম্বা চুল থাকে)
দেড়শ মিলি রক্ত দান।
তিন ফুট ব্যাসের হিলিয়াম ভর্তি একটা বেলুন জাপটে ধরে থাকা।
আঙুল কেটে ফেলা।
.
উত্তরের বাকি অংশ ( অর্থাৎ 13 ভাগের 12 ভাগ বইতে)
কিংবা,পর্যায় সারণী-তে মৌলগুলো যেভাবে রয়েছে ঠিক তেমনভাবে বাস্তবে সাজানো হলে কী ঘটবে? প্রতিটা মৌল দিয়ে ঘনক( ইঁট) তৈরি করা হল। তারপর পরপর সাজানো শুরু হল। কী ঘটবে?
প্রথম দুটো সারির ইঁট গাঁথতে/ সাজাতে তেমন সমস্যা হবে না।
তৃতীয় সারি বানাতে গেলে সেটা আপনাকে আগুনে পুড়িয়ে মারবে।
চতুর্থ সারি আপনাকে খুন করবে বিষাক্ত ধোঁয়া দিয়ে।
পঞ্চম সারি বিষাক্ত ধোঁয়া এবং আগুন তো সরবরাহ করবেই উপরন্তু অল্প একটু রেডিয়েশনের ডোজ দেবে।
ষষ্ঠ সারি ভয়ঙ্কর ভাবে বিস্ফোরিত হবে। আপনার বাড়ি সমেত উড়ে যাবে। উদ্ভুত হবে তেজস্ক্রিয়, বিষাক্ত ধোঁয়া ও আগুনের মেঘ।
খবরদার সপ্তম সারি তৈরি করতে যাবেন না।
.
উত্তরের বাকি অংশ, অর্থাৎ যা ঘটবে তা ঘটার কারণ( অর্থাৎ 10 ভাগের 9 ভাগ) বইতে।
।।।
চিন্তাশীল মানুষ মাত্রেই আজব-আজব প্রশ্নের ধাক্কায় পর্যুদস্ত হয়ে থাকে। বেশীরভাগ ক্ষেত্রেই উত্তর খোঁজার সাধ্য থাকে না। Randall Munroe একজন প্রথিতযশা পদার্থবিদ, তিনি লম্বা সময় ধরে এইসব বোকা-বোকা অথচ চাপের প্রশ্ন, যা দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষেরা তার ওয়েবসাইটে নিক্ষেপ করে থাকে, সে-সবের উত্তর দিয়ে যাচ্ছেন। যা ইচ্ছা তাই উত্তর নয়, রীতিমত সলিড, নিখুঁত বিজ্ঞানের তত্ত্বের উপর দাঁড়িয়ে প্রতিটা জবাব। এবং তা এতটাই বিস্তারিত যে ততটা বিস্তারিত খাট পেলে সুমো পালোয়ান-ও অনায়াসে এক কোণে চু-কিৎকিৎ ও অন্য কোণে মারদাঙ্গায় মত্ত হতে পারে।
Randall Munroe নাসা-তে রোবট বানানোর চাকরি করতেন। একদিন চাকরি ছেড়ে ইন্টারনেটে কমিক আঁকার কাজে পুরোপুরি মনোনিবেশ করলেন। কিন্তু বিজ্ঞান ও অংকের প্রতি তার আগ্রহে ভাঁটা পড়েনি। পদার্থবিদ, কার্টুনিস্ট-এ পরিণত হলে যা ঘটতে পারে, তিনি তা-ই ঘটিয়েছেন, এক ধরণের বিপ্লব। তিনবার মনোনীত হয়েছেন হুগো এওয়ার্ড-এর জন্য। ইন্টারন্যাশনাল এসট্রনমিকাল ইউনিয়ন তার নামে নামকরণ করেছে এক গ্রহাণু-র, 4942 Munroe, এই গ্রহাণুর যা সাইজ, পৃথিবীতে আছড়ে পড়লে সমগ্র জীবজগতের বিলুপ্তি একদম নিশ্চিত।

No comments:
Post a Comment