Saturday, November 9, 2019

ক্লাউড এটলাস : অবিস্মরণীয় এক প্রবাহ

অভিনয়ে : হ্যালি বেরি, টম হ্যাঙ্কস, জিম স্টারজেস, বায়ে ডুনা, হিউ গ্রান্ট, জিম ব্রডবেন্ট প্রমুখ।

মূল উপন্যাসের লেখক : ডেভিড মিচেল।

এক জন্মের আততায়ী কিভাবে পরের জন্মে রক্ষক হয়ে ওঠে, এক যুগের সাহসী কিভাবে পরবর্তী যুগে কাপুরুষোচিত মেরুদণ্ডের উদাহরণ হয়ে ওঠে?
 কিভাবে পালটে যায় আত্মা?

প্রাগৈতিহাসিক সময় থেকে সুদূর ভবিষ্যতের দীর্ঘ স্কেল জুড়ে একই মানব-দল বারবার ফিরে আসে। তাদের হৃদয়, তাদের ভাবনা, কার্যক্রম বদলে-বদলে গেলেও কোথাও গিয়ে তারা সবাই যেন সেই প্রথম জন্মের-ই বিভিন্ন আয়নায় তৈরি হওয়া প্রতিবিম্ব। তাদের ভাগ্য পূর্বনির্ধারিত। এক জন্মের পাপ বা পুণ্যের প্রতিক্রিয়া পরের জন্মে গিয়ে প্রভাবিত করে তাদের জীবনযাত্রাকে। সম্পর্ক বিস্তারিত হয়, দীর্ঘ ডানা ছড়িয়ে উড়ে যেতে থাকে প্রজন্মের পর প্রজন্মে।

আবহসঙ্গীত আমাদের ওলটপালট খাইয়ে ভ্রমণ করায় অতীত থেকে ভবিষ্যতের তরঙ্গে। একই চরিত্রের হিংস্রতা দেখে আমরা শিহরিত হই, আবার বাহবা দিই তার বীরত্বে।
আমরা অনুধাবন করতে পারি, আসলে আমাদের জীবন আমাদের নিজেদের নয়। প্রত্যেক অভিনেতার চরিত্রায়ন দেখে পলক পড়ে না। বিশ্বাস করতে-করতে আমরা ডুবে যেতে থাকি গল্পের ভিতরে। অবচেতন মনে আমরা হাতড়াতে থাকি, একটু আগেই যেন একে দেখলাম কোথায়। কোথায়? ক্রমশ জন্মান্তর ও কাহিনীর বক্তব্য ভারী পোশাকের সজ্জা ছেড়ে আমাদের চোখে নগ্ন আদল হয়ে ধরা পড়তে থাকে। ঈর্ষা, ভালবাসা, স্নেহ, প্রভুভক্তি, হিংস্রতা, আবেগ, যৌনতা, যান্ত্রিক সভ্যতার ফাঁপা রংচঙে বিলাস, বেঁচে থাকার ও প্রিয়জনকে বাঁচিয়ে রাখার আকাঙ্খা, শৈল্পিক দক্ষতা ও কূটনীতির যুদ্ধ, লোভ ইত্যাদি পরত ছাড়তে-ছাড়তে ফুটে ওঠে দৃশ্যের বহমানতায়। রেশ থেকে যায় বাকি জীবন।
মাস্টারপিস।
.
Our Life is not Ours. From Womb to Tomb, We are Bound to others.