Monday, May 18, 2020

ইনটু দ্য নাইট: আগলে রাখবে রাত্রি

Into the night (2020)

বেলজিয়ান ওয়েব সিরিজ( নেটফ্লিক্স)

সিজন 1

6টা এপিসোড।

.

সূর্য মেরে ফেলছে সবাইকে!

মাটির তলার বাঙ্কারে ঢুকেও রেহাই মিলছে না। কাতারে-কাতারে মানুষ, প্রাণী মারা যাচ্ছে সূর্য উঠলেই। 

একদল যাত্রী প্লেনে করে রওনা দিচ্ছিল মস্কোর উদ্দেশ্যে। হঠাৎ একজন বন্দুক নিয়ে তেড়ে এসে হাইজ্যাক করে নেয় প্লেন। সে পাইলটকে বোঝাবার চেষ্টা করে বাস্তবটা। কী সেই বাস্তব?


সে মিলিটারিতে ছিল। গোপন জায়গা থেকে আচমকাই এই ভয়ানক দুর্যোগের খবর পেয়েছে। সূর্যের থেকে পালিয়ে থাকতে হবে। ছুটে বেড়াতে হবে পৃথিবী জুড়ে। রাত ফুরোবার আগেই প্রতিটা জায়গা থেকে পালিয়ে যেতে হবে। 

কিন্তু কতক্ষণ সম্ভব? তেল, খাবার ইত্যাদির জন্য থামতেই হবে বারবার। ক্রমশ ধরা পড়ে, ব্যাপারটা আসলে তার থেকেও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা ধরতে পারে, সূর্য ঠিক কিভাবে ছিনিয়ে নিচ্ছে প্রাণ। শুধু প্রাণ-ই নয়…. এবং ঝামেলা হতে শুরু করে নিজেদের-ই মধ্যে। আর কে না জানে, গৃহযুদ্ধ কতটা মারাত্মক! নিজেদের মধ্যে সমঝোতা করার আগেই না খুব দেরি হয়ে যায়। 

পৃথিবী জুড়ে মৃত্যুর নিস্তব্ধতা। সূর্য তার চলার পথে যাবতীয় জীবন কেড়ে নিচ্ছে। কারও কিচ্ছু করার নেই। অনেকে জানেই না এবং না জেনেই মারা যাচ্ছে পোকামাকড়ের মতো। কেবল একটা প্লেন উড়ে চলেছে, এড়িয়ে চলেছে মরণের করাল গ্রাস, তার প্রতিযোগিতা সূর্যকে গতিতে হারানোর।

"Where would we go?"

"Into the night."

হ্যাঁ, এখন একমাত্র রাত-ই নিরাপত্তা দিতে সক্ষম।

বেশি কায়দা না করেও কিভাবে গতিশীল আর টানটান চিত্রনাট্য লেখা যায়, এই সিরিজ তার প্রমাণ। চমৎকার অভিনয়, দুর্দান্ত আবহসঙ্গীত( থিম ড্রামবিটটা ভোলা যাবে না), বাস্তবোচিত ঘটনার ঘনঘটা-য় ঠাসা পোস্ট-এপোক্যালিপটিক জঁরের এই কাহিনী।