Friday, August 23, 2019

জ্বলন্ত আমাজন এবং ভণ্ডামি



আমাজন পুড়ছে, জানো?

বেশ হয়েছে। বড়লোকগুলো এভাবে পুড়ুক। কোটি কোটি টাকা রোজগার করে খালি।  তা কী পুড়ছে?

মানে..

এই তো সেদিন ব্যাটার ডিভোর্স হল। জেফ বোজেস। রাগে পুড়ছে? শোকে তো পাথর হয়ে যায় শুনেছি। আলিমনি হিসেবে অত টাকা দিতে হয়েছে..এত টাকা দিয়ে ফেললে শোক না রাগ ঠিক কী হয় বলা মুশকিল।

আরে সে নয়, আমাজন..

বলিস কি? নদী পুড়ছে? নদী পোড়ে কিভাবে? নাকি দাদাগিরির মতো ছ্যাঁচরামি করছিস আমার সঙ্গে? কাগজে আমাজন লিখে পোড়াচ্ছিস?

আরে খুড়ো, আমাজন জঙ্গল পুড়ছে। দাবানল। তোমার এই বিষয়ে মতামত..


মতামত লাগবে?

আজ্ঞে হ্যাঁ।

ইদানিং খিস্তি খেয়েছিস? কাঁচা, হড়হড়ে খিস্তি?

না, ভাল কোয়ালিটি পাওয়া যায় না তো আজকাল। সব বিদেশি প্রভাবযুক্ত।

আমার স্টকে তৎসম স্টাইলের মালপত্র আছে। এমন খিস্তি দেব, তেরো দিন ধরে কান দিয়ে পাঁদ বেরবে। মতামত নিতে এসেছিস কলির কুয়ো কোথাকার!

কলির কুয়ো জিনিসটা কী খুড়ো?

যে কুয়ো থেকে জল ওঠে না, বালতি ডোবালে জলের স্রেফ গন্ধ ওঠে।

ও যাকগে নেভার মাইন্ড, তা মত কিছু দেবেন না? জনসাধারণ আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষারত।

না। বক্তিমে শুনে একদল গাল দেবে, অন্যদল তেল। দুটোই নেওয়ার বয়েস পেরিয়ে এসেছি।
দিতে হলে জল দেব। আগুন নেভাতে হলে জল চাই, মতামত নয়। মতামত এনট্রপি বাড়ায়।

তবু খুড়ো, বুদ্ধিজীবীদের সুচিন্তিত মতামত নিয়েই তো কোনও  সিদ্ধান্তে পৌঁছনো উচিত।

হ্যাঁ, বে কচু পোড়া! পাকিস্তানে গিয়ে বোম ফেলে আসতে পারে, কিন্তু আমাজন গিয়ে সুখই করে কুইন্টাল-কুইন্টাল জল ফেলতে পারছে না? তা কেন করবে? মারতে ভাল লাগে, বাঁচানো না-পসন্দ! মারলে বীর, বাঁচালে ক্ষুদিরাম!

আমাজন তো ছোটখাটো ব্যাপার নয়। এ তো বাড়ি নয় যে জল ঢেলে..

এমন ভাব করছিস যেন রোজ শোয়ার আগে জ্বলন্ত বাড়ি খুঁজে আগুন নেভাস!  ভণ্ডামি যতসব!

খুড়ো, তুমি জানো না আমি আমাজনকে কত ভালবাসি! সময় আর সুযোগ পেলে, জল না থাকুক, নিজের রক্ত দিয়ে আমি আগুন নেভাব। উদাত্ত কণ্ঠে গাইব, নাও কেড়ে এ-রক্ত, দাও ফিরে সে অরণ্য।  খুড়ো, তুমি আমার চোখ খুলে দিয়েছ।

ন্যাকামো রাখ। নতুন চোখ দিতে পারব না। বেরো এবার, নইলে মোজা ছুঁড়ে মারব।



1 comment: